দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঝাউপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বানী মোল্লা (৩৭), মহারাজপুরের আব্দুল মতিনের ছেলে শুভ ইসলাম (২২), আলম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৯), ধানুড়ার সিদ্দিক মোড় এলাকার মফিজুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২১) ও জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।
পুলিশ জানায়, রাতে টহলরত অবস্থায় মহারাজপুরের আব্দুল মতিনের ছেলে শুভ’র শয়নকক্ষে মাদক বেচাকেনার খবর পেয়ে এসআই এমদাদুল হক ফোর্সসহ অভিযান চালান। টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের পকেটে থাকা মোট ২০৪ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃত ৫জনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
