দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ| বৃহস্পতিবার দুপুরের দিকে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাঁদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ| সাধারণ ধারার মামলা হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে|
জানা যায়, রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক| বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকার আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার লাবনী (৩৩) সহ রেজাকে গ্রেফতার করা হয়| রেজা (৪২) উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে|

স্থানীয়রা জানায়, রুমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে| ঘটনার রাতে তাদের আটক করে পুলিশে খবর দিলে তারা মাদক সরিয়ে ফেলে| গ্রেফতারের ১৭ ঘন্টা পর ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়| বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাদের কোর্টে চালান দেয় থানা পুলিশ|
এদিকে স্থানীয়দের ধারনকৃত রাতের ভিডিওতে দেখা যায়, রুমা সিগারেটে গাজা ভরছে| পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদকবিক্রির টাকা গুনছেন| এটা তাদের নিত্যদিনের কাজ বলে জানায় এলাকাবাসী| স্যোসাল মিডিয়াতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে|

এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে|
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বাদী না পাওয়া যায়নি| আসামীদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করে| তাদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে|
