মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে নতুন করে সমঝোতা চুক্তির ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পরিবর্তে দ্রুত একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোই হবে অধিক কার্যকর সমাধান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো জরুরি নয়। বরং একটি চুক্তি হলে ইরান তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি পুনর্গঠনের সুযোগ পাবে। একইসঙ্গে তিনি দাবি করেন, উগ্রপন্থিদের বড় একটি অংশ ইতোমধ্যে নির্মূল করা হয়েছে।
যুদ্ধবিরতি বাড়ানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতি যেকোনো দিকে যেতে পারে, তবে তার মতে চুক্তিই সবচেয়ে ভালো পথ।
অন্যদিকে, বুধবার (১৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুতই শেষের দিকে পৌঁছাতে পারে। তার ভাষায়, “আমার বিশ্বাস, আমরা সংঘাতের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।
