দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউলী খাতুনের বিরুদ্ধে|
শুক্রবার বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন এলাকাবাসী| অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তায় ঠাসাঠাসি ভাবেই মানববন্ধন করেন তারা|
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমূখ| উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তারা|
বক্তারা বলেন- ‘৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এডভোকেট আব্দুল মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন| ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে| মৃত ব্যক্তির লাশ আনা-নেওয়া করা যায়না| বাপ-বেটি শালিস দরবার মানেন না, কারো কথাও শুনেন না| প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়|’
কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন- ‘মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী| তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে|’
ভুক্তভোগী আলী আহাদ বলেন- ‘বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম| আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা ˆতরি করেছেন| পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েছি|’
অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- ‘এটা আমার পৈত্রিক সম্পত্তি| যা মেয়ে শিউলীর নামে দিয়েছি| অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে| যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায়না, সেখানে অন্যদের কেন জায়গা দেব|’
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- ‘শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ| প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে| হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না|’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- ‘তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|’
