দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন| গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা আকাশ নামের আরেক যুবক| শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে| শান্ত ও আকাশ দুই বন্ধু| কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন| স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়| এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন| আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়া হয়েছে|
এ ঘটনায় ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ| ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা|
ব্যবসায়ী মো. তারেক বলেন- ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল| বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে| এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে|
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
