দিবারাত্রী ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে জিয়াউর রহমানের জীবনাদর্শ, রাষ্ট্রচিন্তা ও দেশের উন্নয়নে তাঁর অবদান নিয়ে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে গুরুদাসপুর উপজেলা যুবদলের উদ্যোগে মডেল মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একটি আত্মনির্ভরশীল ও সবুজ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। তাঁর আদর্শকে ধারণ করে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
এরপর বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
