ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম বর্ষপূর্তি আজ সোমবার। এ উপলক্ষে গতকাল রোববার নতুন বছরের পরিকল্পনা তুলে ধরেছে সংগঠনটি। দ্বিতীয় বর্ষের ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন কিছু উপাদান যুক্ত করার কথা জানানো হয়েছে। এতে থাকবে গবেষণাধর্মী কনটেন্ট, আর্কাইভভিত্তিক উপস্থাপনা ও সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণে বিশেষ প্রকল্প।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সহসভাপতি পার্থ তানভীর নভেদ, যুগ্ম সম্পাদক ও ডিজিটাল প্ল্যাটফর্ম উপসংসদের আহ্বায়ক জয়ন্ত রায় এবং ডিজিটাল আর্কাইভস ও প্ল্যাটফর্মের তত্ত্বাবধায়ক অনিন্দ্য রহমান। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
ছায়ানট জানায়, ধারাবাহিক সংস্কৃতিচর্চা সত্য, সুন্দর ও সহৃদয় সমাজ গঠনে অপরিহার্য। ঐতিহ্যনির্ভর বাংলা সংস্কৃতিকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ২০২৪ সালের ১ ডিসেম্বর ছায়ানট সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
গত এক বছরে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মে নানা অনুষ্ঠান প্রচারিত হয়েছে। সেগুলো হলো– ‘জাগরণী’, ‘চিরন্তন’, ‘গানের নিবিড় পাঠ’ এবং সরাসরি সম্প্রচার। এ ছাড়া ফেসবুক লাইভে ‘গান অবিরাম’ এখন জনপ্রিয়।
ডিজিটাল প্ল্যাটফর্ম উপসংসদের আহ্বায়ক জয়ন্ত রায় স্মরণ করেন ২০২৪ সালের ১৫ নভেম্বরের মুহূর্তটি। যেদিন রায়েরবাজার বধ্যভূমিতে প্রায় তিন হাজার মানুষ একত্রিত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন।
