ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে একটি দীর্ঘমেয়াদি ও বিস্তৃত সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, ৮ এপ্রিল স্বাক্ষরিত অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা আর বাড়ানোর পরিকল্পনা নেই। বরং একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে বিদ্যমান সব সংকটের স্থায়ী সমাধান চায় ওয়াশিংটন।
এই অবস্থানের সঙ্গে একমত প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তার মতে, শুধুমাত্র সীমিত সমঝোতায় নয়, বরং ইরানের পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে তাদের ভূমিকাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তৃত সমাধান প্রয়োজন।
তবে ভান্স স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে আলোচনায় অগ্রগতি ধীর হতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে ১২ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই যদি নতুন কোনো চুক্তি না হয়, তাহলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
