অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকার সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ জানায়, গত ১৮ মে আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে কল দেন। নিজেকে বর্তমান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে তিনি বিভিন্ন তদবিরের চেষ্টা করেন।
বিষয়টি প্রকৃত এপিএস-১ মহোদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
