দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন বোমা আতঙ্কের ঘটনায়। এর পাশাপাশি অভিনেতা থালাপতি বিজয়–এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন জল্পনার কারণে সংবাদের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই তার বাড়িতে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।
তবে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও তৃষার বাড়িতে বোমা থাকার অভিযোগ উঠে ছিল, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়। ২০২৫ সালের অক্টোবর মাসে চেন্নাই পুলিশ এমন একটি হুমকি বার্তা পেয়েছিল, যা তদন্তে ভিত্তিহীন বলে নিশ্চিত হয়।
সম্প্রতি তামিলনাড়ুর ডিজিপি কন্ট্রোল রুমেও একই ধরনের আরেকটি হুমকি আসে। সেখানে দাবি করা হয়, চেন্নাইয়ের আলওয়ারপেটে অবস্থিত তৃষার বাসভবন এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা রাখা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে এসব হুমকির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
